প্রতিশোধ দেখছে
না ব্রাজিল
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:৪৯
গ্রুপ এ
ব্রাজিল-মেক্সিকো
ইতালি-জাপান
কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। ব্রাজিল সর্বশেষ মেক্সিকোর মুখোমুখি হয়েছিল গত বছর লন্ডন অলিম্পিকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছিল মেক্সিকো। জয়ের জন্য লড়লেও ফোরতালেজায় অনুষ্ঠিত ম্যাচটিকে প্রতিশোধ হিসেবে নিচ্ছে না ব্রাজিল। এমনটাই দাবি করলেন দলের লেফট ব্যাক মার্সেলো। অন্যদিকে ইতালির কোচ সিজার প্রাণদেল্লির দল ইতালি আজ আবারো মাঠে নামছে। রিফের অ্যারেনা পারনামবুচোতে ইতালির প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন জাপান। কোচ প্রাণদেল্লি আশা করছেন, ম্যাচটিতে জাপানই এগিয়ে থাকবে।
লন্ডন অলিম্পিকের ফাইনাল ম্যাচ ব্রাজিলের জন্য ছিল এক দু:স্বপ্ন; কারণ দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি অলিম্পিক স্বর্ণ জয় করতে পারেনি কখনোই। তবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো বলেন, ‘মেক্সিকোর কাছে হেরে যাওয়ার ব্যাপারটি আমার গলায় বিঁধে নেই। আমি মোটেও এই ম্যাচটিকে প্রতিশোধের সুযোগ হিসেবে দেখছি না।’ মার্সেলো অলিম্পিক ফাইনালে খেলেছিলেন। তিনি আরো যোগ করেন, ‘অবশ্যই আমি সেটা মনে রেখেছি। খুবই দুঃখের দিন ছিল খেলোয়াড়দের এবং পুরো ব্রাজিলের জন্য।’
তবে মার্সেলোর কণ্ঠে আত্মবিশ্বাসও রয়েছে। তিনি বলেন, ‘আমরা জানি মেক্সিকোর সেরা খেলোয়াড় রয়েছে। কিন্তু আমাদের দলটির নাম ব্রাজিল এবং আমাদেরও কিছু রয়েছে। আমরা চিন্তা করতে পারি এই ম্যাচটি কঠিন হবে কিন্তু তাদের এই ব্যাপারটিই ভাবতে হবে।’
ব্রাজিল গত শনিবার কনফেডারেশন্স কাপের উদ্বোধনী খেলায় জাপানকে ৩-০ গোলে হারায়। এই ম্যাচে নেইমার অসাধারণ এক গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ব্রাজিল আজ জয় তুলে নিতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এদিকে গত রবিবার মারাকানায় মেক্সিকো ২-১ গোলে ইতালির কাছে হেরে যায়। ইতালি যদি আজ জাপানের সাথে হার এড়ায় এবং ব্রাজিল জয় তুলে নেয় তবে মেক্সিকোর বিদায় ঘটবে।
জাপানকে আজ দুটি কারণে এগিয়ে রাখছেন প্রাণদেল্লি। জাপানের কোচ একজন ইতালীয় এবং এশিয়ার শক্তিশালী দলটি বিশ্রামের সময় পেয়েছে বেশি। প্রাণদেল্লি বিশ্বাস করেন জাপানের কোচ আলবার্তো জেচেরোনি ইতালিকে হাতের উল্টো পিঠের মতই চেনেন। এটাই এখন ইতালির সমস্যা হতে পারে। প্রাণদেল্লি বলেন, ‘জাপান সামান্য এগিয়ে রয়েছে। আমি মনে করি এর কারণ তারা বিশ্রামের জন্য অতিরিক্ত সময় পেয়েছে। এর সাথে যোগ করতে হবে আলবার্তো আমাদের সম্পর্কে ভাল জানে। তিনি জানেন আমরা কিভাবে কাজ করি।’ ইতালি কখনোই জাপানের কাছে হারেনি। তবে দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন বললেন, কনফেডারেশন্স কাপ জিততে হলে অবস্থানের উন্নতি ঘটাতে হবে।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে জাপানের পয়েন্ট প্রয়োজন। জেচেরোনি বলেন, ‘আমরা মাঠে নামবো এই খেলাটিকে ফাইনাল মনে করেই। আমরা সব কিছু উজাড় করে দেবো কারণ জানি যদি হেরে যাই সব শেষ হয়ে যাবে। ’