বিশ্বকাপে চোখ রাখছেন হোয়াটমোর

ইংল্যান্ডে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাজেভাবে বিদায়ের পর পাকিস্তান দলের কোচ ডেভ হোয়াটমোর গতকাল মঙ্গলবার জানিয়েছেন, ২০১৫ সালের বিশ্বকাপকে সামনে রেখে দলকে পুনর্গঠন করতে হবে। ব্যাটিং ব্যর্থতার কারণে গ্রুপ পর্যায়ে তিন ম্যাচের সবক’টিতেই পরাজিত হয় পাকিস্তান। যে কারণে কোন ম্যাচেই দলটি ১৭০ রানের বেশি করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতায় দেশটির সাবেক খেলোয়াড়, গণমাধ্যম এমনকি সমর্থকরাও হোয়াটমোরের কোচিং পদ্ধতি নিয়ে এবং খেলোয়াড়দের সমালোচনায় মুখর। দল পুনর্গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করা হলে হোয়াটমোর বলেন, দলের পারফরমেন্স সম্পর্কে তিনি একটি রিপোর্ট দেবেন। পাকিস্তান ফিরে হোয়াটমোর সাংবাদিকদের বলেন, ‘দল নির্বাচনের বিষয়টি দেখবেন নির্বাচকরা। তবে ২০১৫ সালের বিশ্বকাপকে বিবেচনায় রেখে মৌখিক ও লিখিতভাবে আমি আমার মতামত জানাব।’ দলের খেলোয়াড়দের সক্ষমতার অভাব রয়েছে- এমন কথা অস্বীকার করেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কোচ হোয়াটমোর। গত বছর মার্চে কোচের দায়িত্ব নেয়া হোয়াটমোর বলেন, ‘প্রত্যাশানুযায়ী দল হিসাবে পারফরমেন্স করতে আমরা ব্যর্থ হয়েছি। অবশ্যই পাকিস্তানের জনগণের প্রত্যাশা ছিল আমরা ভালো করি, যে কারণে এটা খুবই হতাশার। তবে বিষয়টি এমন নয় যে, চেষ্টার কোন ত্রুটি ছিল। তিন ম্যাচেই আমরা ভালো রান করতে পারিনি বলেই এমনটা হয়েছে।’ - বাসস/এএফপি