জনগণ ইসলাম অবমাননার জবাব ব্যালটে দিয়েছে

শোলাকিয়া ঈদ জামায়াতের ইমাম ও বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, ইসলাম ও রাসুলের (সা.) প্রতি অবমাননা প্রদর্শনের কারণেই চার সিটি করপোরশনের নির্বাচনে সরকারদলীয় প্রার্থীদের ভরাডুবি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খিলগাঁওয়ের ইকরা বাংলাদেশ কমপ্লেক্সে ওলামা-মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ফরিদ উদ্দীন মাসউদ সবাইকে তওবার আহ্বান জানিয়ে সরকারের কাছে বেশ কিছু দাবিও তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, কওমী মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন, ইসলাম ও রাসুলের (সা.) অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধান করা। বক্তৃতাকালে ফরিদ উদ্দীন মাসউদ বলেন, ইসলাম ও রাসুলের (সা.) প্রতি অবমাননা এবং নাস্তিক্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে শাস্তির পদক্ষেপ সরকার নিশ্চিত করেনি। এ কারণে জনগণ সরকারের প্রতি ক্ষুব্ধ। আর তাই জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকার শাইখুল হাদীস মাওলানা আসআদ আল হুসাইনী, কিশোরগঞ্জের শাইখুল হাদীস মুফতি মুসলিম উদ্দীন, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি কেফায়েতুল্লাহ, বসুন্ধরার মুফতি আইনুল ইসলাম কান্ধলবী, খুলনার মুফতি এমদাদুল্লাহ কাসেমী প্রমুখ।