পোশাক শিল্প
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিরাপত্তা সংক্রান্ত বিল পাস
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৪৯
বাংলাদেশের তৈরি পোশাক কারখানা-গুলোতে নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের দুই জন ডেমোক্র্যাট সদস্যের আনা একটি বিল পাস হয়েছে। এই পটভূমিতে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে, কারখানায় সুরক্ষা আরও ভাল করার জন্য তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। বিজিএমইএ বিদেশি ক্রেতাদের অনুরোধ করেছে, তারা যেন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে না নেন। খবর বিবিসির।
বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, গত ৩০ বছর ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তাদের সামর্থ্য তৈরি করেছে। আজ যদি বিদেশি ক্রেতারা আচমকা বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে যান, তাহলে সেটা সঙ্গত হবে না। তবে বিদেশি ক্রেতারা যে সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নত করার ওপর জোর দিচ্ছেন সেটা নিশ্চিত করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।
বাংলাদেশ থেকে যেসব বিদেশি সংস্থা তৈরি পোশাক কেনে, তাদের অন্যতম টেসকো গত শনিবার বাংলাদেশের লিবার্টি ফ্যাশনস থেকে পোশাক নেয়া বন্ধ করে দিয়েছে। কারণ সেখানকার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণ আছে বলে তারা মনে করছে। লিবার্টি ফ্যাশনসের ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য বিজিএমইএ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিশেষজ্ঞদের দায়িত্ব দিয়েছে। শহীদুল আজিম জানান, বুয়েটের বিশেষজ্ঞরা যদি কারখানা ভবনটি নিরাপদ বলে রায় দেন তাহলে তারা টেসকোর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাবেন। লিবার্টি ফ্যাশনসের মালিক মোজাম্মেল হোসেন দাবি করেছেন, তাদের কারখানাটিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে, সেটা আসলে ‘স্যাবোটাজ’ বা অন্তর্ঘাতের ঘটনা ছাড়া কিছুই নয়। তাদের কারখানা ভবনটি সম্পূর্ণ নতুন।
ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যে বিলটি পাস হয় তাতে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দফতরের অধীনে যেসব সামরিক ঘাঁটিতে বাংলাদেশের তৈরি পোশাক নেয়া হয়, তাদের বাংলাদেশের কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ও স্থাপনা নির্মাণ নীতিমালা মানার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট সদস্য ক্যালিফোর্নিয়ার জর্জ মিলার আর ইলিনয়ের জেন সাকোওয়াস্কি বিলটি উত্থাপন করেছিলেন। বিলটির পক্ষে ৩১৫ ও বিপক্ষে ১০৮টি ভোট পড়ে। এখন অনুমোদনের জন্য বিলটি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে।