কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন আগামীকাল
এম. আসাদুজ্জামান সাদ, কাপাসিয়া সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৫০
গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা গত মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। নির্বাচনে সকল ভোটারের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হবে।
জানা যায়, এ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ২ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ৫২ জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে সর্বত্র উত্সবের আমেজ বিরাজ করছে।নির্বাচন উপলক্ষে পৌরসভার ১৫ দশমিক ২০ বর্গকিলোমিটার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যেই পৌঁছে গেছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। আচরণবিধি সকল প্রার্থী যাতে মেনে চলে সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ৬ প্রার্থীকে আচরণবিধি লংঘনের দায়ে জরিমানা করা হয়েছে। কয়েকজনকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। প্রার্থীদের প্রচারণায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লা গতকাল মুখর ছিল। ভোটারদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও উত্সবের আমেজ বিরাজ করছে। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন স্বপন (আনারস) ও বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুত্ফর রহমান (চশমা) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে দুই খালাত ভাইয়ের মধ্যে কে হবেন প্রথম নগর পিতা এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ ও জল্পনা কল্পনা। সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও ভোট প্রার্থনা করে এলাকা চষে বেড়িয়েছেন।
ভোটার, ভোট কেন্দ্র ও নির্বাচনী কর্মকর্তা
নির্বাচনে মোট ভোটার ৩০ হাজার ৪শ ৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪শ ১ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৯৫ জন। ভোট কেন্দ্র ১৫টি, ভোটকক্ষ ৮০টি। ভোট কেন্দ্রগুলো হলো:দুর্বাটি আলিয়া মাদ্রাসা, কালীগঞ্জ শ্রমিক কলেজ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্র, বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র, উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র, মুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র, মুলগাঁও ২নং রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ও পুরাতন ভবনে দুটি কেন্দ্র। নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরুল আলমকে নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার জানান, পরিস্থিতি সন্তোষজনক রয়েছে অবৈধ প্রভাব বিস্তার রোধ করা হয়েছে।