গাইবান্ধায় হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু

প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে গাইবান্ধার সাদুল্লাপুরে গতকাল মঙ্গলবার হিটস্টোকে বাচ্চা মিয়া (৭০) ও ছাবেরুন বেওয়া (৭৫) নামে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামের বাচ্চা মিয়া গতকাল দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে নেয়ার পর সেখানে তিনি হিটস্টোকে মারা যান। অন্যদিকে একই ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের ছাবেরুন বেওয়া প্রচণ্ড গরমের কারণে নিজ বাড়িতে অসুস্থ হয়ে মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, প্রচণ্ড তাপদাহে মানুষ, পশু-পাখির হিটস্টোকে মৃত্যুর ঘটনা ঘটছে। তাছাড়া প্রতিদিন হাসপাতালে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।