মাদারগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩০

মাদারগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধ মীমাংসাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে চর ভাটিয়ান ও চর লুটাবর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় রায়গঞ্জ বাজারের ১৫টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও জামালপুর থেকে শতাধিক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রবিবার বিকালে শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে লুটাবর ও চর ভাটিয়ান গ্রামের কিশোরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম আহত হয়। এ ঘটনায় দুই গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম মিরন ও সিধুলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাদল ভুঁইয়ার নেতৃত্বে গতকাল সকালে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে ঠুনকো কথায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় তিন ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে প্রায় পাঁচ হাজার লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।