শাহআলীতে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৫১
রাজধানীর শাহআলীতে আব্দুল মোমিন (১৮) নামে এক গার্মেন্টস কর্মীর গলিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দিয়াবাড়ী শ্মশানঘাটের পাশের ডোবা থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।
শাহআলী থানার ওসি সেলিমুজ্জামান জানান, গত ১৫ জুন থেকে মোমিন নিখোঁজ ছিল। ১৬ জুন এ ঘটনায় তার পরিবার একটি সাধারণ ডায়রি করে। গতকাল পথচারীরা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় মৃতের মা মোমেনা খাতুন বাদী হয়ে শাহআলী থানায় একটি মামলা করেছেন। মৃতের বাবার নাম ফজলুর রহমান। লালমনিরহাট সদর উপজেলার সাপটানা লিচুবাগানে তার বাড়ি।