তুরস্কে বিক্ষোভ দমনে সারাদেশে অভিযান শতাধিক আটক
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৫১
তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভ দমাতে গতকাল মঙ্গলবার সারাদেশে যৌথ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযান চালানো হয়েছে দুটি গণমাধ্যম কার্যালয়েও। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান পুলিশের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও এএফপির।
পুলিশ বিক্ষোভের দায়ে শত শত প্রতিবাদীকে ধরতে অভিযান চালাচ্ছে এবং অনেককে আটক করছে। প্রধানমন্ত্রী সরকারবিরোধীদের বিরুদ্ধে জয়লাভ করেছেন বলে মন্তব্য করেছন। প্রতিবাদের নতুন ধরণ সৃষ্টি করেছেন এক প্রতিবাদকারী। এরদেম গুনদুজ নামের এক শিল্পী আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের ছবি নিয়ে তাকসিম স্কয়ারে দীর্ঘ আট ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। তাকে অনুসরণ করে অনেকেই চারপাশে দাঁড়িয়েছেন।
তিন সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন দমনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের পর তুরস্কের সরকার সমালোচনার মুখে পড়েছে। ইস্তাম্বুল আইনজীবী সমিতি জানায়, বামপন্থী সোশ্যালিস্ট পার্টি অব দ্য অপপ্রেসড (ইএসপি) দলের প্রায় ৯০ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সারাদেশে সরকার বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল ইস্তাম্বুলের গেজি পার্কে বিক্ষোভে দলটি সক্রিয় রয়েছে। স্থানীয় এনটিভি ও সিএএন-টার্ক টেলিভিশনের খবরে বলা হয়, পুলিশ দৈনিক আতিলিম ও এটকিন সংবাদ সংস্থায় তল্লাশি চালিয়েছে। এনটিভি জানায়, রাজধানী আঙ্কারা থেকে ৩০ জন ও উত্তর-পশ্চিমাঞ্চলের এসকিসেহির নগরী থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। তুরস্কের আইন অনুযায়ী আটককৃতদের চারদিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হবে। আদালত তাদেরকে মুক্তি বা অভিযুক্ত করতে পারে। ইস্তাম্বুলের একটি পার্কে বিপণিবিতান নির্মাণের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও পরে তা সরকারের কর্তৃত্বের বিরুদ্ধে এক গণ-আন্দোলনে রূপ নেয়।