খুলনা-ঢাকা পরিবহন ধর্মঘট তৃতীয় দিনে

খুলনা বিভাগের দশ জেলা থেকে ঢাকাগামী সব পরিবহনের অনির্দিষ্টকালের ধর্মঘট আজ বুধবার তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো পালন করে শ্রমিকরা। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়। বেতন ও খোরাকি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান, শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন ও খোরাকি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। প্রায় ৩ মাস আগে এ নিয়ে আল্টিমেটাম দেয়া হয়। রবিবার রাতে মালিক সমিতি শ্রমিকদের সঙ্গে আলোচনায়ও বসেছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই সে সভা শেষ হয়। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। সোমবার সকাল থেকে খুলনা বিভাগের ১০ জেলা থেকে ঢাকাগামী সব পরিবহন বন্ধ করে দেয়া হয়। তবে স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।