গার্ডিয়ান প্রতিবেদনের প্রতিবাদ গণজাগরণ মঞ্চের

ব্রিটিশ দৈনিক ‘গার্ডিয়ান’-এ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আত্মগোপনে রয়েছেন বলে যে মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে এক সাংবাদিক সম্মেলনে ইমরান এইচ সরকার এই প্রতিবাদ জানান। ইমরান বলেন, ‘গার্ডিয়ান’-এ একটি নিবন্ধে একদিকে যেমন বাংলাদেশের গণতান্ত্রিক শাসন কাঠামোপ্রসূত নির্বাচন নিয়ে অমূলক প্রশ্ন তোলা হয়েছে, তেমনি লক্ষ তরুণের অহিংস আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। নিবন্ধে গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে আমার অবস্থানকে ‘আত্মগোপন’ বলে চালিয়ে দেয়া হয়েছে। এটি ভিত্তিহীন, অমূলক এবং অনভিপ্রেত। তিনি বলেন, আমি প্রতিদিনই শাহাবাগের প্রজন্ম চত্বরে আসছি এবং গণজাগরণ মঞ্চের তৃণমূল সফরগুলো নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পর্যালোচনামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি। এছাড়াও গণজাগরণ মঞ্চের বিভিন্ন ডকুমেন্টেশন, প্রবাসী বাঙালিদের সঙ্গে ভিডিও কনফারেন্সসহ নানা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। এখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অনেকের সঙ্গেই আমার বিভিন্ন সময় এ প্রজন্ম চত্বরে দেখা হয়েছে এবং আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয়েছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, আমরা এ নিবন্ধের ‘ভিত্তিহীন ও দূরভিসন্ধিমূলক অংশের’ প্রতিবাদ করছি।