ভোলায় জলদস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলো ১৯ জেলে
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২২:৫৩
অপহরণের ৪৮ ঘন্টা পর জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছে ভোলার দৌলতখানের ১৯ জেলে। মেঘনার সাগরমোহনায় ছিনতাই হওয়া ট্রলারের মালিক পক্ষ দস্যুদের ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে গতকাল মঙ্গলবার জেলেদের উদ্ধার করেন। জেলেরা জানান, ডাকাতির সময় প্রাণ রক্ষায় নদীতে ঝাপিয়ে পড়েন সেলিমসহ ২ জেলে। এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
অপহূত জেলেরা ফিরে এলেও নিখোঁজ জেলেদের পরিবারে কান্নার রোল আর হতাশা নেমে এসেছে। তারা বেঁচে আছে কিনা তা নিয়ে শঙ্কিত তাদের পরিবার।
দৌলতখানের জেলেরা জানিয়েছে, নদীতে মাছ ধরা পড়লেই জলদস্যুরা সক্রিয় হয়ে পড়ে। চলতি মৌসুমে মাছ ধরা পড়ায় জলদস্যুদের কয়েকটি বাহিনী মেঘনায় ফের সক্রিয় হয়ে উঠেছে।
ভোলার মনপুরার বালিয়ার চরে রবিবার রাতে ৪টি মাছ ধরার ট্রলারে হামলা চালায় কালাম বাহিনীর সদস্যরা। এ সময় তারা ১৯ জনকে অপহরণ করে নিয়ে যায়।