পঞ্চপ্রেমিক
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ১৮:১৫
ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘পঞ্চপ্রেমিক’ বর্তমানে প্রচার হচ্ছে একুশে টেলিভিশনে। হিমু আকরামের রচনা ও পরিচালনায় এই নাটকটি এর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন এনামুল হক, সিদ্দিকুর রহমান, হাসান মাসুদ, সোহেল খান, ফারুক আহমেদ, অহনা, নাফিজা, মিমো, মিম, মুনিরা মিঠু, রিফাত চৌধুরী, মুনিয়া প্রমুখ। নাটকের গল্প আবর্তিত হয়েছে পাঁচ জনকে ঘিরে। যারা একই ছাদের নিচে থাকে। একই স্বপ্ন দেখে। তাদের স্বপ্নের রং অতি রঙিন বলেই চল্লিশোর্ধ্ব বয়েসী দলনেতা মোহাব্বত আলী বেগ এখনও রঙিন জামা আর চশমা চোখে পরে রমনায় প্রেম করতে যান। হাতে নিয়ে রজনী গন্ধা। দলের অন্য চার সদস্য সাদেক, হান্নান, নূরুল হক আর শফিও কম যায় না। সপ্তাহে তিনটা-চারটা করে প্রেম করে বেড়ায় তারাও। দলনেতা মোহাব্বত আলী বেগ নিজ হাতে রচনা করে প্রেমের সংবিধান। যে সংবিধানের মূল কথাই হচ্ছে ‘প্রেম করো জীবন গড়ো’। তাই তো পঞ্চপ্রেমিক দল একেক জন একাধিক প্রেম করে বেড়ায়। দলনেতা মোহাব্বত আলী বেগ প্রধান উপদেষ্টা হয়ে নির্ধারণ করে দেয় প্রেমের রুটিন, নিয়মকানুন। তার নির্দেশনা মতেই অন্য চার সদস্য একের পর এক ভালোবাসায় জড়াতে থাকে। তেমনিভাবে জড়াতে থাকে প্রেমিকা হয়ে আসা স্কুল-কলেজ-ভার্সিটিপড়ুয়া মেয়েরা। পঞ্চপ্রেমিক দল তাদের প্রেমিকাদের কাছ থেকে ছলে বলে নিয়ে আসা টাকা দিয়েই মাস শেষে বাড়ি ভাড়া দেয়। পরিশোধ করে মোড়ের দোকানের বাকির খাতাও। এভাবেই প্রেমকে পেশা হিসেবে নিয়ে শহরের হাজারও দুর্নীতিবাজ মানুষের ভিড়ে মিশে থাকে পাঁচ জন অদ্ভুত দুর্নীতিবাজ। পাঁচ জন ভিন্ন রকম প্রতারক। পাঁচ জন প্রেমিক। পঞ্চ প্রেমিক। এই ধারাবাহিক প্রচার শুরু হয় গত ডিসেম্বরে। বর্তমানে
নাটকটি দর্শকদের মন ছুঁয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনাই এখানে দেখানো হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’