বাদল সাঁঝের কাব্য গানে বর্ষা আবাহন

বর্ষায় প্রকৃতির নতুন বিন্যাস, ঝিরিঝিরি বৃষ্টি, নীল সাদা মেঘের ভেলা, প্রকৃতি আর জলের মিলনমেলার যে সজ্জিত রূপ তা মোহিত করে যে কাউকেই। আর বাংলা গান কবিতায় তাই বারবার নানাভাবে উঠে এসেছে বর্ষার নানান রূপের কথা। এমনই কিছু গান কবিতা নিয়ে আষাঢ়ের দ্বিতীয় দিনেই চমত্কার এক আয়োজনের মধ্যদিয়ে বর্ষা আবাহন করল বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। গত ১৬ জুন রবিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘বাদল সাঁঝের কাব্য’ শিরোনামের এ অনুষ্ঠানের পরতে পরতে ছিল শুদ্ধতার ঋতু বর্ষাকে আমন্ত্রণ করে কথামালা, গান, আবৃত্তি ও কবিতাপাঠ। তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গগনে গরজে মেঘ’ কবিতাটি পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর স্বাগত বক্তব্য রাখেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম। এরপর বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী পরিষদ সদস্য নাট্যজন সাইফুল আলম বাবু এবং সংগঠনের সভাপতি শাওন সরকার। শামীমা ইয়াসমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে একক পরিবেশনায় ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পী মিঠু তলাপাত্র, শ্রাবণী দাশগুপ্তা, সাইদুর রহমান, সুনন্দা রায়, ইভা চৌধুরী, রাতুল হাসান, সুস্মিতা দত্ত, মিসবাহুন্নেসা নিপা এবং ইভা সাহা। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মোস্তফা কামাল এবং শ্রেয়সী রায়। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী দুলাল দাশগুপ্ত। দলীয় পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে নরেণ আবৃত্তি একাডেমী। সমবেত সংগীত পরিবেশন করে সমাজ সমীক্ষা সংঘ এবং সপ্তক সংগীতালয়। স্বরচিত কবিতাপাঠ করেন কবি এজাজ ইউসুফী, কবি জিন্নাহ চৌধুরী এবং কবি সেলিনা শেলী।