আগামীকাল লিলি ইসলামের উত্তরায়ণ সন্ধ্যা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২০:১২
উত্তরায়ণ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামের উদ্যোগে গড়া সাংস্কৃতিক এক প্লাটফর্মের নাম। উত্তরায়ণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে। অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশনের সঙ্গে ভিডিও প্রজেকশন ও যন্ত্রসংগীতের ঐকতান থাকবে। রবীন্দ্রসংগীত শিল্পী ও উত্তরায়ণের পরিচালক লিলি ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ধরনের ঐকতান পরিবেশনের জন্য অংশ নিবেন উপমহাদেশের বিখ্যাত বেহালা শিল্পী ও সংগীত পরিচালক শ্রী দূর্বাদল চট্টোপাধ্যায়, সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়, এস্রাজ শিল্পী শুভায়ূ সেন মজুমদার, কিবোর্ড শিল্পী গৌতম সোম, তবলা শিল্পী জয়দেব নন্দী, তালবাদ্য শিল্পী সঞ্জীবন আচার্য। অনুষ্ঠানে আবৃত্তি ও সঞ্চালনায় থাকবেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। উত্তরায়ণে এবারের আয়োজনের দাওয়াতপত্র ও স্যুভেনির এ অলঙ্করণ করেছেন সমরজিত্ রায় চৌধুরী। উল্লেখ্য এটি সংগীত সংগঠন উত্তরায়ণের তৃতীয় পরিবেশনা। এর আগে উত্তরায়ণ-এর নিরীক্ষাধর্মী পরিবেশনা ‘এবং বর্ষা’ ও ‘চিরকালের রবীন্দ্রনাথ’ ব্যাপক প্রশংসিত হয়েছিল। ভিন্নধারার এই আয়োজন প্রসঙ্গে কণ্ঠশিল্পী লিলি ইসলাম বলেন, ‘আমরা মূলত উত্তরায়ণের হয়ে রবীন্দ্রনাথে বিভিন্ন বিষয়ভিত্তিক আয়োজনের দিকে নজর দিয়ে থাকি। যেমন কিছুদিন আগে শিল্পকলা একাডেমীতে আমরা আয়োজন করেছিলাম রবীন্দ্রনাটকের গানগুলো নিয়ে এক অন্যরকম আয়োজন। এর বাইরে আমরা আগামীতে যারা রবীন্দ্রসংগীতে আগ্রহী কিন্তু সুযোগ ও যোগ্যতার কিছুটা ঘাটতি আছে, তাদেরকে আরও একটু শানিত করে একটা প্লাটফর্ম তৈরি করারই পরিকল্পনা আমাদের উত্তরায়ণের।’