ফ্রিলেন্সারদের সহযোগিতার আশ্বাস ঢাকা চেম্বার ও বেসিসের

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২ হাজার নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগের অংশ হিসেবে ডিসিসিআই এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে সমপ্রতি “ফ্রিলেন্সার থেকে ব্যবসায়ী উদ্যোক্তা হওয়ার দিকনির্দেশনা” বিষয়ক গোলটেবিল আলোচনার আয়োজন করে। প্রায় ৩৫ জন ফ্রিলেন্সার এ আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তথ্য-প্রযুক্তি খাতে সংশ্লিষ্টদের উদ্যোক্তা হয়ে উঠতে সহযোগিতার আশ্বাস দেয়া হয়। বেসিসের সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর, পরিচালক শাহ্ ইমরুল কায়েস, ডিসিসিআই পরিচালক মো. শোয়েব চৌধুরী, ঢাকা চেম্বার ও বেসিসের প্রাক্তন পরিচালক খন্দকার আতিক-ই-রাব্বানী এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ফ্রিলেন্সারদের সাধারণত প্রাতিষ্ঠানিক কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকে না এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং-এর কাজ করে থাকে। বেসিসের সহ-সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আউটসোর্সিং-এ নিয়োজিত ব্যক্তিদের উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। তিনি সফলভাবে ব্যবসা পরিচালনার উপর তথ্যচিত্র উপস্থাপন করেন। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাশার জানান, ডিসিসিআই যদি তথ্য-প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করতে পারে, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিকট থেকে তাদেরকে অর্থায়নের জন্য কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের “বিবি ফান্ড” নামে ৬০০ কোটি টাকার একটি ফান্ড রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক আগ্রহী তরুণ উদ্যোক্তাবৃন্দকে উক্ত ফান্ড থেকে ১০%-এর কম সুদে ঋণ সুবিধা প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিবে।