শান্তি আলোচনার প্রাক্কালে তালেবান হামলায় চার মার্কিন সেনা নিহত
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২০:৪১
আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে বাগরামে বিমান ঘাঁটিতে তালেবান হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেয়ার কয়েক ঘণ্টা পরই এই হামলা চালানো হলো। একইদিন ন্যাটো আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির নিজস্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় বিমান ঘাঁটিতে তালেবান জঙ্গিরা আকস্মিকভাবে হামলা চালালে ঐ চার সেনা নিহত হয় বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে। বাগরামের ঠিক কোন্ জায়গা থেকে এ হামালা চালানো হয়েছে তা নিশ্চিত করে বলেনি তারা। মার্কিন কর্মকর্তারা ধারণা করছে, এ হামলায় রকেট কিংবা মর্টার ব্যবহার করা হয়। তবে হামলা সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। আজ বৃহস্পতিবার কাতারে অনুষ্ঠেয় তালেবানের সাথে সরাসরি শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র হামলা ও সহিংসতা বন্ধের শর্ত দেয়ার পরই তালেবান বিদ্রোহীরা এ হামলা চালায়। উল্লেখ্য, তালেবান ইতোমধ্যেই কাতারে একটি কার্যালয় খুলেছে।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তালেবানদের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবকে ‘সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছিলেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, বন্দি বিনিময় হবে আলোচনার মূল বিষয়। এর সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। তবে আলোচনার প্রথমে উভয় পক্ষই এর বিভিন্ন শর্তগুলো খতিয়ে দেখবে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তার সরকারও তালেবানের সঙ্গে আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কাতারে পাঠাবে।
এদিকে, মঙ্গলবারই কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যমে আফগানিস্তানে নিরাপত্তা ও সামরিক কার্যক্রমের নিয়ন্ত্রণের দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে ন্যাটো। তবে দায়িত্ব হস্তান্তরের পরও আফগান বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতার জন্য ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে ন্যাটো সেনারা থাকবে বলে জানা গেছে।