স্পিকারের সঙ্গে মোরিশাস মন্ত্রীর সাক্ষাত্

সফররত মরিশাসের জেন্ডার সমতাকরণ, শিশু উন্নয়ন ও পরিবার কল্যাণ মন্ত্রী মারিয়া ফ্রান্সিসকা মেরিলি মার্টিন বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশি¬ষ্ট বিষয়ে আলোচনা করেন। সংসদ সচিবালয় জানায়, স্পিকার ও মরিশাসের মন্ত্রী দুদেশের জেন্ডার সমতাকরণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নারীর অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুদেশের সংবিধান কার্যপ্রণালী বিধিসহ সংসদীয় রীতি পদ্ধতির উপরও বিস্তারিত আলোচনা করেন। স্পিকার বলেন, বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার সংবিধান স্বীকৃত। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ গ্রহণের বিধানও সংবিধানে রয়েছে। জেন্ডার সমতা ও নারী উন্নয়নে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নারীর ক্ষমতায়নে সদস্য দেশগুলোতে সমন্বিত উদ্যোগ নেয়া অপরিহার্য। স্পিকার কমনওয়েলথ দেশগুলোর মহিলা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়নে তার সহযোগিতার আশ্বাস দেন। মেরিলি মার্টিন বলেন, নারী উন্নয়নে সামাজিক ক্ষমতায়নই যথেষ্ট নয়, প্রকৃত ক্ষমতায়নের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও ক্ষমতায়ন করতে হবে। তিনি এ লক্ষ্যে মরিশাস সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন। তিনি প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হওয়ায় স্পিকারকে অভিনন্দন জানিয়ে সার্বিক সাফল্য কামনা করেন।