লতিফ সিদ্দিকীর মানহানির মামলা

দুই সম্পাদক ও এক প্রকাশকের জামিন

পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দায়ের করা একটি মানহানির মামলায় দুই সম্পাদক ও এক প্রকাশক জামিন পেয়েছেন। এরা হলেন- দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও অনলাইন পত্রিকা ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর ২৩ জুন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। গত ২২ মে মানহানির অভিযোগে মন্ত্রী মামলাটি দায়ের করলে আদালত ওইদিন আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। মামলায় বলা হয়, ১৭ মে ঢাকা টাইমস ও ১৯ মে দৈনিক মানবকণ্ঠে ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ঢাকা টাইমসের প্রকাশিত খবরের কোনো সত্যতা যাচাই না করেই পরবর্তীতে মানবকণ্ঠে একই রকম প্রতিবেদন প্রকাশ করা হয়।