ডেপুটি স্পিকার অবশেষে অধিবেশনে ফিরেছেন
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:২২
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্ণেল (অব) শওকত আলী অবশেষে অধিবেশনে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় সংসদের বৈঠক শুরুর প্রাক্কালে অধিবেশনের সভাপতি হিসাবে যখন ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করা হয়, তখন অধিবেশন কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। নবম সংসদের চলতি বাজেট অধিবেশন শুরুর পর এর আগে ডেপুটি স্পিকারকে একবারের জন্যও সভাপতির আসনে দেখা যায়নি।
প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের প্রথম স্পিকার আব্দুল হামিদ এ্যাডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে সংরক্ষিত আসনের মহিলা সদস্য ড. শিরিন শারমীন চৌধুরীকে স্পিকার করা হয়। বয়স এবং সংসদীয় অভিজ্ঞতার দিক বিবেচনায় বিষয়টি ডেপুটি স্পিকার কর্ণেল (অব) শওকত আলীর জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। এই পটভূমিতে গুঞ্জন শোনা যায় যে, ডেপুটি স্পিকারকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় অন্য কোনো দায়িত্ব দেয়া হতে পারে।