মোটর সাইকেল নিবন্ধন একমাস বন্ধ থাকবে
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:২৩
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় মোটরসাইকেল জরিপ হবে। জরিপের এই এক মাসে নতুন করে কোন মোটরসাইকেল নিবন্ধন দেয়া হবে না। মঙ্গলবার রোজার পরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজধানীতে নিবন্ধিত মোটরসাইকেল সংখ্যা দুই লাখ ৭৭ হাজার। তবে এই নগরীতে এর দুই থেকে তিনগুণ মোটরসাইকেল থাকতে পারে। জরিপ শেষে একমাস পর নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা শহরের বাইরের মোটরসাইকেলও ঢাকায় চলাচল করছে জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, জরিপে এসব বিষয়ও দেখা হবে। বেপরোয়া যানবাহন চলাচলে যানজট নিরসন কঠিন হয়ে পড়েছে। রাজধানীতে ফুটপাতগুলোতে মোটরসাইকেল ঝড়ের গতিতে চলে। ফুটপাতগুলো হকাররা দখল করে নিয়েছে। পথচারীদের হাঁটার স্থান নেই।
সভা শেষে সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক জানান, বুধবার থেকে মোটরসাইকেলের নিবন্ধন প্রক্রিয়া এক মাসের জন্য বন্ধ থাকবে। ওই বৈঠকে সড়ক বিভাগের সচিব ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।