লিটনকে নিয়ে কটূক্তি

রাজশাহীতে হামলায় যুবদল কর্মী আহত

গতকাল বুধবার দুপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী মাহাবুল (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর শ্রীরামপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মহানগর যুবদলের সদস্য মাহাবুল শ্রীরামপুর এলাকার একটি চায়ের দোকানে বসে পরাজিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার তালা প্রতীক নিয়ে কটুক্তি করেন। এনিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনার জের ধরে বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক দুলাল, নবী ও তুহিনের নেতৃত্বে মাহাবুলের উপর হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মাহাবুল রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।