আধুনিক প্রযুক্তির মাধ্যমে
উন্নত বাংলাদেশ গড়া সম্ভব
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:২৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা যদি তার সাথে সমান তালে না চলতে পারি তা হলে পিছিয়ে পড়া অসম্ভব নয়। আমাদের জন্য বিশাল একটি সুবিধা রয়েছে যা অনেক দেশে নেই। সেটি হচ্ছে: আমাদের স্কুলে পড়ুয়া ৩ কোটি ছেলে-মেয়ে। এই বিশাল তরুণ প্রজন্মকে কাজে লাগাতে পারলে এবং তাদেরকে উত্সাহিত করতে পারলে, তারা তাদের নিজেদের মধ্য থেকে প্রযুক্তিগত শিক্ষা অর্জন করবে। তখন তারা আমাদের জন্য বিশাল একটি সম্পদে রূপান্তরিত হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আয়োজিত এটুআই প্রকল্পের সাফল্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সুয়েব। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন সাথী।