বিপিএল পাওনা
খেলোয়াড়দের আশ্বস্ত করলেন সভাপতি
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:৫৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক নিয়ে এখনো অভিযোগ মেটেনি খেলোয়াড়দের। সাত ফ্রাঞ্চাইজি এখনো চুক্তিমোতাবেক খেলোয়াড়দের সময়মত পারিশ্রমিক পরিশোধ করেনি। প্রথম বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক সমস্যার কারণে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘জামিনদার’ হিসেবে দায়িত্ব নিয়েছিল। কিন্তু তাতেও খেলোয়াড়রা স্বস্তি পাচ্ছে না।
তাই গতকাল হতাশ কণ্ঠেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘গতবার বিপিএলের টাকা পায়নি, এত হুলস্থুল ছিল? বিদেশি খেলোয়াড়দের হুলস্থুল ছিল। এবার বোর্ড গ্যারান্টি দিচ্ছে, ওরা টাকা না পেলে বোর্ড দিবে। তারপরও এটা নিয়ে দুইদিন পরপর পত্রিকায় আর টিভিতে দেখি তারা হুলস্থুল করছে। গ্যারান্টি দিয়ে ওদের স্বার্থ নিশ্চিত করে ভুল করলাম?’ বিসিবি গ্যারান্টি হওয়া সত্ত্বেও খেলোয়াড়রা পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে নিশ্চিত নয়। হয়তো গ্যারান্টির অর্থই তারা বোঝে না। কিন্তু বোর্ড বলছে ভিন্ন কথা, ‘গ্যারান্টি দেয়ার অর্থ তো বুঝতে হবে। ফ্রাঞ্চাইজি যদি টাকা না দেয় তাহলে আমরা দেব, এটাই গ্যারান্টি। ওরা দিলে আমরা কেন দিব? আগে ওদের অনিশ্চয়তা ছিল এখন আমরা নিশ্চয়তা দিলাম তাহলে সমস্যা কোথায়?’