রামু সহিংসতা

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অপসারিত

রামুর বৌদ্ধ মন্দির ও সংখ্যালঘুদের বসতিতে হামলায় অভিযুক্ত ও পলাতক নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তোফাইল আহমদকে সমপ্রতি প্রশাসন থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখার উপ-সচিব মো. সবুর হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করেন। স্থানীয় সূত্র জানিয়েছে, তোফাইল আহমদ চেয়ারম্যান গত ১৬ ডিসেম্বর থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ অভিযোগে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত]-এর ১৩ (১) (ক) ধারায় তাকে দোষীসাব্যস্ত করা হয়েছে। এদিকে গত ১৩ জুন অপসারিত উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদের স্ত্রী জেসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে দরখাস্তের মাধ্যমে উপজেলা পরিষদের বরাদ্দকৃত বাসভবনটির চাবি বুঝিয়ে দিয়ে বাসভবন ত্যাগ করেন।