আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে গতকাল বুধবার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ম্যাগপাই গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। এদিকে ১৩ দফা দাবিতে শিল্পাঞ্চলের আরো দুটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে পোশাক শ্রমিকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আশুলিয়া শিল্পাঞ্চলের কাঠগাড়া আমতলা এলাকার ম্যাগপাই গার্মেন্টের শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিস দেখে। পরে তারা কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করার চেষ্টা করে। শিল্প পুলিশের হস্তক্ষেপে এ সময় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে পোশাক শ্রমিকরা বাড়ি ফিরে যায়। উল্লেখ্য, সহকর্মী এক পোশাক শ্রমিককে গুম করা হয়েছে এমন অভিযোগে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভসহ কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তারা মারধর করে কারখানার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও। সহিংস ঘটনার আশংকায় পরে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে । এদিকে ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আশুলিয়ার চারাবাগে মাকসুকা এবং নরসিংহপুরের বেবিটেক্স গার্মেন্টের শ্রমিকরা গতকাল সকালে কারখানায় এসে কর্মবিরতি শুরু করে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান।