বরিশালে হিরনের শো-ডাউন

মহাজোটের পরাজিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল বুধবার বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শো-ডাউন করেছে। মোটরসাইকেল বহর নিয়ে সদর রোড অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগসহ নেতা-কর্মীরা হাসানাতকে লক্ষ্য করে শ্লোগান দিতে থাকে। বহরের অগ্রভাগে জীপ গাড়িতে বসে নেতৃত্ব দেয়ার পাশাপাশি নগরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি হিরন। হিরন জানান, তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের সাথে নির্বাচনের পর সাক্ষাত্ করতে বেড়িয়েছিলেন। এদিকে সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার আত্মীয়-স্বজন সম্পর্কে হিরনের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদের প্রস্তুতি নিয়েছে আবুল হাসানাত আব্দুল্লাহ’র সমর্থকরা। আজ বৃহস্পতিবার হাসানাতের অনুসারী বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র সাংবাদিক সম্মেলন করে হাসানাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে হাসানাতের পারিবারিক সূত্রে জানা গেছে।