বরিশালে অপসোনিনের তিন ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘট, ১২ দফা পেশ
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২২:৪০
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে বরিশালে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালসের পর অপসো স্যালাইন ও গ্লোবাল ক্যাপসুল ফ্যাক্টরীতে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল বুধবার ভোরে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কারখানার শ্রমিকরা সামনের সড়ক (বগুড়া রোড) অবরোধ করে। ১২ দফা দাবি মেনে নেয়ার পাশাপাশি পুলিশের হাতে আটক শ্রমিকদের মুক্তির শর্ত দিয়েছেন তারা। মঙ্গলবার অপসো ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের জের ধরে গতকাল বুধবার কোম্পানীর ৩টি ফ্যাক্টরীতে ধর্মঘট করে শ্রমিকরা। তারা ফ্যাক্টরীর কাজ বন্ধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে। ঐ কর্মসূচীতে ১২ দফা দাবি জানানো হয় মালিকদের কাছে।
শ্রমিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে স্থায়ী শ্রমিকদের বেতন চলতি মাস থেকে এক হাজার টাকা বৃদ্ধি করতে হবে, বার্ষিক ইনক্রিমেন্ট এক হাজার টাকা করতে হবে, চাকরি থেকে অব্যাহতি দিলে প্রভিডেন্ট ফান্ডের দ্বিগুণ টাকা ও ৩৬ মাসের বেতন দিতে হবে, বেসিক হারে নয়, বেতনের মোট টাকার দ্বিগুণ ওভারটাইমের ঘন্টা হিসেবে দিতে হবে, সিটি ভাতা ও ঋণ সুবিধা, অপসোনিনের ন্যায় অপসো স্যালাইন ও গ্লোবাল ফার্মার শ্রমিকদের দুপুরে খাবারের ব্যবস্থা করা অথবা নাস্তা বাবদ ১২শ’ টাকা মজুরির সাথে যুক্ত করে দিতে হবে, অস্থায়ী শ্রমিকদের দৈনিক বেতন ৯০ টাকার পরিবর্তে ২শ’ টাকা ও ৬ মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ করে সর্বনিম্ন ১৯শ’ টাকার পরিবর্তে ৪৭০০ টাকা বেতন ধার্য করতে হবে।
আন্দোলনরত শ্রমিক জাহিদ হাসান বলেন, আন্দোলনের জের ধরে যদি কোন শ্রমিক ছাঁটাই করা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য অপসোনিনের সকল কারখানা বন্ধ করে দেয়া হবে। এ ব্যাপারে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আন্দোলনের খবর পেয়ে বুধবার সকালে ঢাকা থেকে মালিক পক্ষের প্রতিনিধি বরিশালে পৌঁছেছে। তারা কারখানায় বৈঠক করছেন। বৈঠক শেষে দাবি-দাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।