ফরিদপুরে গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা ২৭ জুন
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২২:৪১
ত্রিশটি তারিখে যুক্তিতর্ক শুনানিশেষে ‘দৈনিক সমকালে’র ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ দিন ধার্য করেন। এ সময় মামলার জামিনে থাকা ৯ আসামিকে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন আসিফ ইমরান, আসিফ ইমতিয়াজ বুলু, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া ও আবু তাহের মর্তুজা ওরফে অ্যাপোলো। রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের বিশেষ আইনজীবী আবু আবদুল্লাহ ভুঁইয়া আদালতে শেষবারের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি জানান, বার বার আসামিপক্ষের সময় আবেদন করার কারণে আলোচিত এ হত্যা মামলার শুনানি পিছানো হচ্ছিল। তবে যুক্তিতর্ক ও শুনানি শেষ হওয়ায় এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে।
ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে ২০০৫ সালের ১৭ নভেম্বর ‘সমকালের’ ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে ‘ফরিদপুর’ পত্রিকার কার্যালয়ে খুন করে সন্ত্রাসীরা। পরের বছর ১৯ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৮ সালের ১৫ আগস্টে মামলার ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। অভিযোগপত্রভুক্ত আসামি ছিল ১০ জন। এদের মধ্যে কাজী মুরাদ মারা গেছেন। বিচার চলাকালে মামলায় ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। একই বছর ১ আগস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকার এ আদালতে স্থানান্তর করা হয়।