ঢাবি সুইমিং পুলে ড্রাইভ দিতে গিয়ে এআইইউবি ছাত্রের করুণ মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে উঁচু মঞ্চ থেকে লাফ দিয়ে বুকে আঘাত পেয়ে ফাহিম শাহরিয়ার চৌধুরী রাফি (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসির ছাত্র। বাবা জালালউদ্দিন আহমেদ চৌধুরী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পরীবাগের স্টাফ কোয়ার্টারে সপরিবারে থাকতেন। গ্রামের বাড়ি সিলেটে। নিহতের ছোট বোন তাসনিম চৌধুরী বলেন, সুইমিংপুল কর্তৃপক্ষের অবহেলার কারণে তার ভাই মারা গেছেন। অনেকক্ষণ পানিতে ডুবে থাকার পরও ইন্সট্রাক্টর তার ভাইয়ের খোঁজ করেননি। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। অভিযোগ অস্বীকার করে সুইমিংপুল শাখার উপ-পরিচালক শাহজাহান আলী জানান, রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলের নিয়মিত সদস্য। বুধবার সকাল ১১টায় সাঁতার কাটতে তিনি সুইমিংপুলে আসেন। সাঁতারের একপর্যায়ে তিনি উঁচু মঞ্চ থেকে লাফিয়ে পড়েন। এ সময় তার বুকে পানির সরাসরি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। ওই অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এমএ জলিল বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।