চট্টগ্রামে লোডশেডিংয়ের জন্য গার্মেন্টসে উত্পাদনে ধস

চট্টগ্রামের বিজিএমইএ নেতারা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গার্মেন্টস কারখানার যন্ত্রপাতি বিকল হয়ে উত্পাদনে মারাত্মক ধস নেমেছে বলে অভিযোগ করেছেন। তারা বিদ্যুত্ বিল তৈরি ও প্রদানের দায়িত্বে নিয়োজিত পিডিবির মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন অনিয়মের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন। বিজিএমইএ নেতারা অবিলম্বে লোডশেডিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নষ্ট ট্রান্সফরমার দ্রুত প্রতিস্থাপনের জন্য বিদ্যুত্ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। গতকাল বুধবার পিডিবির স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় বিজিএমইএ নেতারা এসব সমস্যার কথা তুলে ধরেন। চট্টগ্রাম পিডিবির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী যেসব কারখানায় নির্ধারিত চাহিদার চেয়ে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হচ্ছে সেগুলোতে চাহিদানুযায়ী লোড বৃদ্ধি করার আহবান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পিডিবি’র প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা। এ সময় বিজিএমইএ’র পরিচালক মো. আবদুল ওহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদি, অঞ্জন শেখর দাশ ও প্রাক্তন পরিচালক মো. হাসানুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।