ঈদে আবারও শাকিব-অনন্ত লড়াই!
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২০:০৪
আবারও এবারের ঈদে শাকিব আর অনন্তের লড়াই-ই হবে এমনটাই আশা করা যাচ্ছে। কারণ শাকিব খান এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ায় সাথে বহুল বিতর্কিত মামলা-মোকদ্দমা পেরিয়ে আবারও ছবিতে কাজ শুরু করেছেন। অন্যদিকে প্রযোজক অনন্তর দীর্ঘ প্রতীক্ষিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তবে গেল ঈদে অনন্তর মুনসুন ফিল্মসের বড় বাজেটের চলচ্চিত্রের বিপরীতে কম বাজেটের অসম প্রতিযোগিতা চলেছে। কিন্তু এবারে অনেকেই মনে করছে ছবি প্রযোজনা, ডিস্ট্রিবিউশন সবদিক দিয়ে এবারেও অনেকটাই এগিয়ে থাকবে অনন্তর চলচ্চিত্র। ‘ডিজিটাল’ তকমা দিয়ে নিম্নমানের চলচ্চিত্র নির্মাণ করে এরই ভেতরে জাজ মাল্টিমিডিয়া দর্শকদের বিভ্রান্ত করেছে। সর্বশেষ জাকির হোসেন রাজু’র পরিচালনায় ‘পোড়ামন’ চলচ্চিত্রটিও নকলের অভিযোগে প্রত্যাখ্যাত হয়েছে। ফলে যে আওয়াজ নিয়ে এই প্রতিষ্ঠানটি চলচ্চিত্র ব্যবসা শুরু করেছিল তা যেন ক্রমেই ফুটো বেলুনের মতো চুপসে যাচ্ছে।
অন্যদিকে মাঝে অনন্ত-বর্ষার প্রেম আর সংসার রসায়নের নাটকের কারণে অনেকেই ভেবেছিলেন মুনসুন ফিল্মস বুঝি আর নতুনভাবে দাঁড়াবে না। কিন্তু সেই জটিলতা কাটিয়ে উঠে আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করেছে। তাই নতুন এই প্রতিযোগিতায় এবারের ঈদে দর্শক ভালো কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখতে পাবেন। কারণ একদিকে যেমন জাজ তার ডিজিটাল প্রজেকশনের নাম নিয়ে প্রায় অর্ধশতের ওপরে হলে বুকিং দিয়ে থাকেন। অন্যদিকে বুকিং এজেন্টদের সাথেও অন্য এক মুন্সিয়ানা আছে মুনসুনের। তাই এবারে ৩-৪টি হল বনাম ৫০টি হলের প্রতিদ্বন্দ্বিতা নয়। বরং হল বুকিং আর প্রজেকশনের ক্ষেত্রে সমান প্রতিযোগিতাই প্রত্যাশা করছেন সকলে।
তবে সব কিছুর মূলে অনেকেই বলছেন, এ নিয়ে মিডিয়ায় ইতিবাচক একটি প্রচারণা দরকার। কারণ গেল দুই-তিন বছর ধরেই চলচ্চিত্রকে নিয়ে ক্রমাগতভাবে নানা ব্যঙ্গ করেছে মিডিয়াগুলো। ইদানীংকালে কিছু ইতিবাচক প্রচারণা শুরু হয়েছে। এখন দেখা যাক শাকিব-অনন্তর একটি সুস্থ প্রতিযোগিতা সিনেমা হল দর্শকদের আবারও যেন নতুনভাবে নতুন উদ্যোগে হলমুখী করে তোলে।