নাইজেরিয়ায় অস্ত্রধারীদের গুলিতে ৪৮ জন নিহত

নাইজেরিয়ার জামফারা প্রদেশের কিজারা গ্রামে অস্ত্রধারীদের গুলিতে ৪৮ জন নিহত হয়েছে। অস্ত্রধারীরা মোটরবাইকে করে এসে একটি পাহাড়ে উঠে যে গ্রামটিতে হামলা চালাবে বলে পরিকল্পনা করে সেই গ্রামটি পর্যবেক্ষণ করে এবং গুলি চালায়। এরপর তারা গ্রামের প্রতিটি ঘরে ঢুকে হামলা চালায় বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। এই হামলার সঙ্গে গবাদিপশু ডাকাতদের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে গতবছর একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত নাইজেরিয়া ওই মহাদেশের সর্ববৃহত্ তেল উত্পাদক রাষ্ট্র। দেশটি ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধেও লড়াই চালাচ্ছে। তবে সামপ্রতিক এই হত্যা-হামলার ঘটনার সঙ্গে বিদ্রোহীদের সম্পৃক্ততার তেমন কোনো সম্ভাবনা নেই বলে দেশটিতে নিয়োজিত বিবিসির প্রতিনিধি জানিয়েছেন। জামফারা প্রদেশের সরকারি মুখপাত্র ইব্রাহিম বিরনিন মাগাজি বলেন, ‘সশস্ত্র ডাকাত দলের সদস্যরা মঙ্গলবার কিজারা গ্রামে হামলা চালিয়ে ৪৮ জন অধিবাসীকে হত্যা করে গবাদিপশু নিয়ে যাওয়ার জন্য। কোনো কোনো সময় এ ধরনের সন্ত্রাসী ঘটনা এই প্রদেশে ঘটে থাকে।’ নিহতদের মধ্যে ওই গ্রাম প্রধান, প্রধান ইমাম এবং গ্রামটির নিরাপত্তায় নিয়োজিত ভ্রাম্যমাণ দলের প্রধানও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা মোটর বাইকে চড়ে আসে। তারা পাহাড়ের ওপর অবস্থান নিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। বিরনিন মাগাজি বলেন, ‘এরপর হামলাকারীরা ঘরে ঘরে গিয়ে স্থানীয় ভ্রাম্যমাণ দলের সদস্যদের খোঁজ করে যারা তাদের সমস্যার সৃষ্টি করছে বলে তারা দাবি করেছে।’