সংবাদ কণিকা
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:০৯
পানিতে বিষাক্ত স্ট্রনটিয়াম
ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের আশপাশের ভূগর্ভের পানিতে মাত্রাতিরিক্ত বিষাক্ত স্ট্রনটিয়াম-৯০ পাওয়া গেছে। ফুকুশিমা বিদ্যুত্ কেন্দ্রের পরিচালনাকারী কোম্পানি টেপকোর কর্মকর্তারা জানান, ভূগর্ভের পানি পরীক্ষা করে দেখা গেছে, গত ছয় মাসে পানিতে স্ট্রনটিয়ামের মাত্রা ১শ’ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। দুই বছর আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে বিধ্বস্ত প্রকল্পটির তিনটি নিউক্লিয়ার চুল্লি ফিশন বিক্রিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গলে গিয়েছিল। রয়টার্স।
ভয় পাচ্ছেন অ্যাসাঞ্জ
সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগ সুইডেন প্রত্যাহার করে নিলেও যুক্তরাষ্ট্রের হাতে গ্রেফতারের ভয়ে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাস ছেড়ে বের হতে চাচ্ছেন না। এক বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের নামে কার্যত গৃহবন্দি আছেন অ্যাসাঞ্জ। এই বন্দিত্বের বর্ষপূর্তি উপলক্ষে রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে অ্যাসাঞ্জ তার এ আশঙ্কার কথা প্রকাশ করেন।
মহাকাশে মধুচন্দ্রিমা
তারকা-অভিনয়শিল্পী অ্যাস্টন কুচার ও মিলা কুনিস বিয়ের পর মহাকাশে মধুচন্দ্রিমা করার পরিকল্পনা করেছেন। মধুচন্দ্রিমা নির্বিঘ্ন করতে আগে থেকেই এক লাখ ২৪ হাজার পাউন্ড খরচ করে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানের টিকিট কিনেছেন কুচার। ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে সম্প্রতি এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা। স্পেসশিপ-২ নামের একটি নভোযানে আগামী বছর থেকে মহাকাশ ভ্রমণের এ বাণিজ্যিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
জমজ গরজিলা
নেদারল্যান্ডের একটি চিড়িয়াখানায় জমজ গরজিলার জন্ম হয়েছে। গত ৫০ বছরে এধরনের ২০ জোড়া গরজিলার জন্মের কথা জানা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে বিরল ঘটনা হিসাবে আখ্যায়িত করেছে। কর্তৃপক্ষ জানায়, ২০ বছর বয়স্ক মা গরজিলাটি দুটি মোটাসোটা গরজিলার বাচ্চার জন্ম দিয়েছে। এদের মধ্যে একটি ছেলে গরজিলা অন্যটি মেয়ে। বাচ্চা দুটি তাদের বাবা-মায়ের কাছে আট থেকে দশ বছর থাকবে এরপর তাদের অন্যত্র স্থানান্তর করা হবে।
টাইমস অব ইন্ডিয়া।