পাকিস্তানের কোচের পদে টম মুডিকে দেখতে চান শোয়েব

পাকিস্তানের কোচ হিসাবে টম মুডিকে দেখতে চান দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। ধুঁকতে থাকা পাকিস্তান ক্রিকেটের জন্য টম মুডিকেই আদর্শ বলে মনে করছেন ‘পিন্ডি এক্সপ্রেস’। সামপ্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স থেকে আশাবাদী হবার কোন কারণ নেই। চরমভাবে ব্যর্থ হয়ে দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্যায়ে তিন ম্যাচের একটিতেও জয় না পেয়ে খালি হাতেই দেশে ফিরেছে। শোয়েব বলেন, ‘মুডির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি নিশ্চিত যে অস্ট্রেলিয়ার সাবেক এ অল রাউন্ডার পাকিস্তানের ক্রিকেট ভাগ্য ফিরিয়ে আনতে সক্ষম।’ তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র সমস্যা হলো আমরা যথেষ্ট গুণগত মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করছি না কিংবা সৃষ্টি করতে দিচ্ছি না। আমাদের দরকার সিনিয়র খেলোয়াড়দের সম্মান করতে শেখা এবং যথাযথভাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো। নতুন খেলোয়াড় তৈরিতে অন্য বোর্ডগুলো তাদের শীর্ষ খেলোয়াড়দের কাজে লাগায়। কিন্তু পাকিস্তান ক্রিকেটে ঠিক তার বিপরীত। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ইউনিস খান এবং শহিদ আফ্রিদিকে বাদ দেয়া ছিল বড় ভুল। নতুন একটা দল গঠন করতে আমাদের দরকার টম মুডির মত কাউকে। তার কাজ সম্পর্কে আমার জানা আছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি তিনি কেবল ড্রেসিং রুমে উইনিং কালচার এবং খেলোয়াড় তৈরি করতেই সিদ্ধহস্ত নন, একটা দলের পিতৃত্বের ভূমিকাও তিনি পালন করতে পারেন। যেভাবে খেলোয়াড়দের উন্নতি ঘটে এবং চাপের মধ্যেও তাদেরকে বিশ্ব মানের খেলোয়াড় তৈরি করে।’ আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসাবে অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুডির সঙ্গে ইংলিশ কাউন্টি ক্রিকেটে কাজ করেছেন শোয়েব। জাতীয় দলের প্রধান কোচ হিসাবে ডেভ হোয়াটমোর ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘ফলাফলই তাদের পক্ষে কথা বলে। পরিবর্তন এবং নতুন ধারণার সময় এসেছে। একইসাথে ড্রেসিং রুম কালচারে পরিবর্তন আনারও সময় এসেছে। নতুন খেলোয়াড়দের অনুপ্রেরণার জন্য ড্রেসিং রুমে ইউনিস খানদের মত খেলোয়াড়ের প্রয়োজন আছে।’