অলিম্পিক ডে রান আগামীকাল

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে অলিম্পিক ডে রান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৩ জুন গোটা পৃথিবীতে ডে রান অনুষ্ঠিত হয়। কিন্তু এবার বাংলাদেশে দিনটি উদযাপিত হবে একদিন আগে আগামীকাল শনিবার। কারণ ছুটির দিন থাকবে বলে রবিবারের বদলে শনিবার হচ্ছে। র্যালি শুরু হবে রমনা টেনিস কমপ্লেক্স থেকে, শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে। আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে অলিম্পিক ডে রান আয়োজন করেছে বলে গতকাল বিওএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় প্রতিবন্ধী এবং শিশু- কিশোরদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল চারটায় বিওএ’র মিডিয়া সেন্টারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরদিন বিকালে একই স্থানে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন ডে রান কমিটির চেয়ারম্যান ও বিওএ’র সহ-সভাপতি বশির আহমেদ। অলিম্পিক ডে রান আয়োজনের জন্য আইওসি সহযোগিতা করছে। স্থানীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে এক্সিম ব্যাংক লিমিটেড, বিএসআরএম, আরএস-আরএম, আবুল খায়ের গ্রুপ, আব্দুল মোমেন লিমিটেড, কোকাকোলা ফার ইস্ট লিমিটেড এবং একমি গ্রুপ।