ইংল্যান্ড দলে পিটারসেন

ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরছেন কেভিন পিটারসেন। আগামী ২৫ এবং ২৭ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে। তবে এই সিরিজে ইংলিশদের অ্যাশেজ দলের আর কেউই খেলছেন না। হাঁটুর ইনজুরির কারণে বছরের প্রথমার্ধটা কাটাতে হয়েছে মাঠের বাইরে। খেলতে পারেননি আইপিএল এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিও। জাতীয় দলে ফেরার জন্য আর তর সইছে না এই মারকুটে ব্যাটসম্যানের। তবে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগেই কাউন্টি ক্রিকেটে সারের হয়ে পিটারসেনের খেলার কথা রয়েছে। সেক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হবে না তার। আজ থেকে শুরু হতে যাওয়া ইয়র্কশায়ারের বিরুদ্ধে ঐ ম্যাচের পর পিটারসেন খেলবেন সিরিজের দ্বিতীয় ম্যাচে। আগামী ২৭ জুন ওভালে অনুষ্ঠিত হবে সেটি। এর পরপরই তিনি যোগ দেবেন অ্যাশেজ দলের সঙ্গে। বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার মতো যথেষ্ট শারীরিক সক্ষমতা ফিরে পেয়েছেন কিনা সেটা বুঝতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পিটারসেন। এদিকে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে এই সিরিজে দলের নিয়মিত একাদশের কেউই খেলছেন না। খেলছেন না টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রডও। তার বদলে অধিনায়কত্ব করবেন এওয়িন মরগ্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর লাল বলে নিজেদের মানিয়ে নিতে অ্যান্ডি ফ্লাওয়ারের নেতৃত্বে অনুশীলনকেই বেশী গুরুত্বপূর্ণ মনে করছে ইংলিশ ক্রিকেট বোর্ড। এসেক্সের বিরুদ্ধে চেলমসফোর্ডে আগামী ৩০ জুন একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে তারা। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ঐ ম্যাচেই মাঠে নামার কথা আছে পিটারসেনের।