ক ন ফে ডা রে শ ন্স কা প
সাত গোলের
রোমাঞ্চে
ইতালির জয়
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:৪২
ফুটবলীয় মান বিচারে, ইতিহাসে; কোনো দিন থেকেই ইতালি আর জাপানের তুলনা হয় না। ইতালি বিশ্বের অন্যতম সফল ফুটবল দল, একসময়ের বিশ্ব ফুটবলের তীর্থ ছিল দেশটি। সে তুলনায় বিশ্ব ফুটবলে জাপান একেবারেই নবাগত শক্তি; বৈশ্বিক বড় কোনো সাফল্য নেই। কিন্তু বুধবার রাতে কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বের ম্যাচে এসব ইতিহাস-পরিসংখ্যান সব যেন ছুঁড়ে ফেলে দিতে চাইল জাপানীরা। ইতালিকেই ‘দুর্বল’ দল বানিয়ে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করল। শেষ পর্যন্ত অবশ্য হাতের মুঠোর ম্যাচ ৪-৩ গোলের রোমাঞ্চকর এক লড়াইশেষে হেরে গেল জাপান স্রেফ ভাগ্যের দোষে।
রিফের এরেনা পারনামবুচো স্টেডিয়ামে উপস্থিত ৪১ হাজার ফুটবল ভক্ত বিস্ময়ের সাথে গত বুধবার কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বে দেখলো ইতালি ও জাপানের রোমাঞ্চকর লড়াই। ইতালির চেয়ে জাপান গোলমুখে আক্রমণ করেছে বেশি। শুধু তাই নয় আজ্জুরিদের চেয়ে বলের দখল বেশি রেখেছে এশিয়ার শক্তিধর দলটি। কিন্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো প্রতিহত করতে পারেনি এশিয়ানরা।
প্রথমার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সেবাস্তিয়েন জিওভিনকো। খেলা শেষ হওয়ার চার মিনিটে আগে নাটকীয়ভাবে ক্লডিও মারসিসিওর ক্রস থেকে ইতালিকে জয়সূচক গোল এনে দেন তিনি।
শেষটা এভাবে ইতালির হলেও ম্যাচ শুরুই করেছিল জাপান প্রবল প্রতাপে। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যে এশিয়ানরা দুই গোলে এগিয়ে যায়। জাপান ২১ মিনিটে কিসুকে হোন্ডার পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার শিনজি কাগাওয়া ইতালি থেকে জাপানের ব্যবধান দ্বিগুণ করেন ৩৩ মিনিটে। ইতালির রক্ষণভাগের মারাত্মক ভুলে সুবর্ণ সুযোগ কাজে লাগায় এশিয়ানরা।
কিন্তু ৪১ মিনিটে ড্যানিয়েল ডি রসি হেড থেকে একটি গোল শোধ করে দেন। পালে হাওয়া লাগে ইতালির। ৫০ মিনিটে অ্যাটসুটো উচিদার আত্মঘাতি গোলে খেলায় ২-২ গোলের সমতা চলে আসে। দুই মিনিট পরেই সুপার মারিও খ্যাত মারিও বালোতেল্লি পেনাল্টি থেকে গোল এনে দেন দলকে।
প্রচন্ড গরম এবং ম্যাচের উত্তাপে দরদর করে ঘামছিল পুরো স্টেডিয়াম। শিনজি ওকাজাকি এই উত্তাপ আরো চড়িয়ে দেন ৬৯ মিনিটে হেড থেকে গোল করে ম্যাচে ৩-৩ সমতায় ফিরিয়ে। আর দূরন্ত এই নাটকের শেষ বাশিটা বাজান জিওভিনকো। রসি ম্যাচ শেষে বলেন, ‘আমার ক্যারিয়ারের অন্যতম এক কঠিন ম্যাচ এটি।’
কঠিন এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে ছয় পয়েন্ট নিয়ে ব্রাজিলের সাথে শেষ চারে উঠে গেছে ইতালি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালি সালভাদোরে টানা দুইবারের কনফেডারেশন্স কাপ জয়ী ব্রাজিলের মুখোমুখি হবে আগামী শনিবার। একই সময়ে বেলো হরিজোন্তেতে জাপান মুখোমুখি হবে মেক্সিকোর। ইতালির কোচ সিজার প্রান্দেল্লি নিজেই মেনে নিলেন স্রেফ ভাগ্যের জোরে এই জয় পেয়েছেন তারা। আর জাপান ভাগ্যের কাছে হেরে গেলেও দূরন্ত এই লড়াইটা উপহার দিল যার প্রেরণায় সেই আলবার্তো জেচেরোনি নিজের দলের খেলায় সন্তুষ্ট।
ইতালিয়ান জেচেরেনি আরেকটু হলে জন্মভূমিকে তিক্ত এক অভিজ্ঞতা উপহার দিয়েই ফেলেছিলেন!