‘অপরাজেয় সাংবাদিক সম্মাননা’ পেলেন তিনজন
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:৪৬
শিশুদের নিয়ে প্রতিবেদন তৈরির জন্য গণমাধ্যমকর্মীদের পুরস্কৃত করলো অপরাজেয় বাংলাদেশ ও প্লান বাংলাদেশ। মোট তিনজন সাংবাদিককে ‘অপরাজেয় সাংবাদিক সম্মাননা-২০১৩’ প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে অপরাজেয় বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ী সাংবাদিকদের হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট ও চেক তুলে দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। প্লান বাংলাদেশ শিশু সুরক্ষা ও উন্নয়নে সাংবাদিকতা গার্ল পাওয়ার প্রকল্প এই সম্মাননার অর্থায়ন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, প্লান বাংলাদেশ এর গার্ল পাওয়ার প্রকল্পের ম্যানেজার মোহাম্মাদ মাসুদ, প্লান-এর ইউনিট ম্যানেজার আবদুল মান্নান প্রমুখ।
‘বাল্য বিবাহ হচ্ছেই’ প্রতিবেদনটির জন্য প্রথম পুরস্কার পান প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন। ‘হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি চলছে’ প্রতিবেদনটির জন্যে দ্বিতীয় পুরস্কার পান দৈনিক ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মোরশেদা ইয়াসমিন পিউ। ‘শিশুধর্ষণ ও হত্যার হার বাড়ছেই’ প্রতিবেদনের জন্যে তৃতীয় পুরস্কার পান দৈনিক সংবাদ-এর স্টাফ রিপোর্টার সেবিকা দেবনাথ। অনুষ্ঠানে বক্তারা সমাজে শিশুদের বিষয়ে অসঙ্গতি সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে আনার আহবান জানান। বক্তারা নারী ও শিশুদের সম্মান ক্ষুণ্ন না করে প্রতিবেদন তৈরির কথা বলেন।