ছিন্নমূল শিশুদের জন্যও ১০ টাকায় ব্যাংক একাউন্ট

ছিন্নমূল ও কর্মজীবী শিশুদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা ও সঞ্চয়ে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের অংশ হিসেবে পথশিশুরা ১০ টাকায় ব্যাংক একাউন্ট খুলতে পারবে। তবে আপাতত পাইলট প্রকল্প হিসেবে চালু হবে। প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত খাতের রূপালী ব্যাংক ও বেসরকারি খাতের পূবালী ব্যাংকে এ একাউন্ট খোলা যাবে। ব্যাংক দুটিকে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাক। এর আগে স্কুল ছাত্রদের ১০ টাকার ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এছাড়া কৃষক, মুক্তিযোদ্ধা, অতিদরিদ্র মহিলা ও ভিক্ষুকরা দীর্ঘদিন ধরেই এ সুবিধা পাচ্ছেন। প্রাথমিকভাবে শুধু রূপালী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং পূবালী ব্যাংকের মিরপুর শাখায় প্রাথমিকভাবে এ প্রকল্পটি চালু করা হবে। ৭ জুলাই এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ব্যাংক একাউন্ট খোলার আগে প্রত্যেক শিশুর সঙ্গে কাউন্সেলিং করা হবে। শিশুদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের ভবিষ্যত্ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন মেয়াদে অর্থ জমা করার সুযোগ দেয়া হবে। এসব হিসাবে তারা বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ লভ্যাংশে টাকা জমা রাখতে পারবে। এরজন্য তাদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।