‘রাষ্ট্র মনোযোগী হলে আদিবাসীদের অধিকার ক্ষুণ্ন হতো না’

‘বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও লামায় চাক ও ম্রো গ্রামে উচ্ছেদ’ বিষয়ে গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রাষ্ট্র ও মানবাধিকার কমিশন কার্যকর থাকলে আদিবাসীদের অধিকার ক্ষুণ্ন হতো না। রাষ্ট্র আদিবাসীদের বিষয়ে মনোযোগী হলে এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন কার্যকর থাকলে মানবাধিকার লংঘনের বিষয়ে নাগরিক সমাজের আর কিছু করতে হতো না। বুধবার সকালে সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘নাগরিক প্রতিনিধি দল’ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর। এ সময় বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, শিক্ষাবিদ ড. নূর মোহাম্মদ তালুকদার, উন্নয়ন সংগঠক নুমান খান, কাপেং ফাউন্ডেশনের সদস্য দীপায়ন খীসা প্রমুখ।