বেলকুচির তিন গ্রামে র্যাব-পুলিশের নিষ্ফল অভিযান

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াত অধ্যুষিত তিনটি গ্রামে বৃহস্পতিবার র্যাব-পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। তবে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টার অভিযানে কোন আসামী ধরতে না পারায় অভিযানকারী দলটি খালি হাতে এলাকা ত্যাগ করে। গত ২৯ মার্চ সকালে বেলকুচি উপজেলার কল্যাণপুর, মবুপুর ও কান্দাপাড়া গ্রামের জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে জামায়াত ও বিএনপির দুই কর্মী নিহত হয়। আহত হয় অন্তত অর্ধশতাধিক মানুষ। এ সময়ে বিটিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি গাজী শাহাদত হোসেন ফিরোজী গুরুতর আহত হন। পরবর্তীতে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের বাড়িঘর, মন্দির ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ আনা হয়। এ সকল ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, ভাংচুর, লুটপাটসহ নানা অভিযোগ এনে জামায়াত-শিবির ও বিএনপির ২ হাজার নেতাকর্মীর নামে ৬টি মামলা দায়ের করে। পরবর্তীতে আসামী ধরার জন্য পুলিশ ওই তিন গ্রামে একাধিকবার অভিযান চালালেও জামায়াত-শিবিরের বাধার মুখে তা ব্যর্থ হয়। এই উপজেলার অনেকের মতে, অভিযান পরিচালনার খবর আগে থেকেই জেনে যাবার ফলে ওই তিন গ্রামের জামায়াত-শিবির-বিএনপি’র নেতাকর্মীরা পালিয়ে যায়।