চার সিটিতে দায়িত্ব হস্তান্তর
আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:৫১
সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে তিনটি বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হয়েছে।
প্রথমত, যেহেতু রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশালের বর্তমান প্যানেল মেয়র ও কাউন্সিলরগণের মেয়াদ ভিন্ন ভিন্ন তারিখ পর্যন্ত বলবত্ আছে (সর্বশেষটির মেয়াদ আছে আগামী ৭ অক্টোবর পর্যন্ত) সেজন্য নির্ধারিত মেয়াদ পর্যন্ত স্বপদে থেকে তারা সিটি করপোরেশন পরিচালনা করবেন কি-না।দ্বিতীয়ত, নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরের শপথ গ্রহণের অব্যবহিত পরে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা যাবে কি-না এবং সেক্ষেত্রে পূর্ববর্তী কাউন্সিলরদের অবস্থান কি হবে।
তৃতীয়ত, বর্তমান প্যানেল মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণের তারিখে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে সিটি করপোরেশনের দায়িত্ব হস্তান্তর করা যাবে কি-না। সেক্ষেত্রে গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠানের ক্ষেত্রে আইনগত কোন সমস্যা আছে কি-না।
প্রসঙ্গত, ২০০৮ সালের ৪ আগস্ট রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের পূর্ববর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী এ বছরের ৭ অক্টোবরের মধ্যে বরিশাল, ১৭ সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী ও সিলেট এবং ২৪ সেপ্টেম্বরের মধ্যে খুলনার নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৬ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ‘করপোরেশনের মেয়াদ হবে পাঁচ বছর। এবং তা নির্ধারণ হবে করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে। আর এই মেয়াদ অবসানের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করারও বিধান রয়েছে। মনোনয়নপত্র দাখিলের আগেই চার মেয়রকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হয়েছে। তবে কাউন্সিলরদের পদত্যাগ করতে হয়নি। নতুন করে ফের জয়ী বা পুরাতন যারা পরাজিত হয়েছেন সেসব কাউন্সিলররা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারবেন।
আইনের ৭ ধারার উপ-ধারা ২-এ উল্লেখ রয়েছে, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে শপথ গ্রহণ করতে হবে। যদি এই সময়ের মধ্যে তারা শপথ না নেন, তাহলে তাদের পদ শূন্য ঘোষিত হবে।