খুলনায় দুটি মার্কেট উচ্ছেদের নোটিসে ব্যবসায়ীদের ক্ষোভ

নগরীর সদর ডাকবাংলো মার্কেট ও পাওয়ার হাউজ মোড়ের ডিসি মার্কেট আগামী ১০ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে খুলনা জেলা পরিষদ। মার্কেট উচ্ছেদের এই নোটিসে ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ব্যবসায়ীরা এ নিয়ে গত দুই দিন ধরে খুলনা চেম্বার অব কমার্স এবং সিটি করপোরেশনের সাথে করেছে একাধিক বৈঠক। তারা মার্কেট দুটি ‘অনৈতিক’ভাবে উচ্ছেদ না করার দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, অর্থসংস্থান না করে দু’টি মার্কেটে বহুলতল বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা পরিষদ। এ অবস্থায় ডাকবাংলো দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান হাইকোর্ট মার্কেট দু’টি উচ্ছেদ না করতে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি নিষ্পত্তি হয়েছে মর্মে গত বুধবার খুলনার স্থানীয় একটি দৈনিক পত্রিকায় আগামী ১০ দিনের মধ্যে মার্কেট দু’টি খালি করার নির্দেশ দিয়ে জেলা পরিষদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বিজ্ঞপ্তি দেখে স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক তপন কুমার ঘোষ বলেন, ব্যবসায়ীদের উচ্ছেদের ব্যাপারে জেলা পরিষদ এককভাবে দায়িত্ব পালন করছে। আমরা ব্যবসায়ীদের সমস্যা সমাধানে চেষ্টা করতে পারি। খুলনা জেলা পরিষদ প্রশাসক ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, ব্যবসায়ীদের প্রতি কোন অন্যায় করা হয়নি। মার্কেট দু’টি পুরানো ও ব্যবহারে অনুপোযোগী হওয়ায় সরকার পরিত্যক্ত ঘোষণা করে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এখন তাদেরকে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়া হবে কি না সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে উচ্চ আদালতে মার্কেট দু’টি উচ্ছেদের বিষয়ে স্থগিতাদেশের আবেদন করা হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।