তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল পালন
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:৫৬
পার্বত্য ভূমি কমিশন সংশোধন বিল জাতীয় সংসদের উত্থাপনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল পালন করা হয়েছে। পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতাল আহ্বান করে। শেষ দিনে গতকাল দুপুর ২টা থেকে হরতাল শিথিল করা হয়। জীবনযাত্রা হয়ে আসে স্বাভাবিক। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।
রাঙ্গামাটি প্রতিনিধি জানায়, হরতাল সমর্থকরা গতকাল বনরূপা ও রিজার্ভ বাজারে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পিকেটারদের সরিয়ে দেয়। জেলার ছয়টি উপজেলার নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। বান্দরবান প্রতিনিধি জানান, টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা গতকাল যানবাহন চলাচলে বাধা দেয়। জেলায় হরতালে গতকাল দুপুর পর্যন্ত আন্তঃজেলা পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।