চট্টগ্রামে পলিটেকনিক ছাত্রদের সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন ছাত্র জড়ো হয়ে দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং রাস্তায় যান চলাচলে বাধা দেয়। পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছে। পাঁচলাইশ থানার ওসি জানান, কয়েকজন যুবক জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।