অর্পিত সম্পত্তি অবমুক্তির আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:৫৭
অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য ৩০ জুন পর্যন্ত জেলা কমিটির কাছে আবেদন করা যাবে। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনানুযায়ী ক এবং খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির তালিকা গেজেট প্রকাশের তিনশ দিনের মধ্যে আবেদন করতে পারেননি অথবা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি তারা এই সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন অনুসারে ক ও খ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তির তালিকা এরই মধ্যে গেজেটে প্রকাশ করা হয়েছে। এই তালিকা প্রকাশের দিন থেকে তিনশ’ দিনের মধ্যে সম্পত্তি অবমুক্তির জন্য সময়সীমা নির্ধারিত ছিল। এ সময়সীমা ইতিমধ্যে পার হয়েছে। কিন্তু সবধরনের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে সমর্থ না হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই আবেদন করতে পারেননি। আবার অনেকে আবেদন করলেও সকল কাগজপত্র জমা দিতে পারেননি। যারা আবেদন করেছেন কিন্তু সকল কাগজপত্র জমা দেননি বা তাদের কাগজপত্র পূর্ববর্তী করা আবেদনের সঙ্গে সংযুক্ত করতে নতুন করে কাগজপত্র নিতে জেলা কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা সেই বিষয়ে বৈঠক থেকে কিছু জানানো হয়নি।