আওয়ামী লীগ ঢাকা মহানগরের বর্ধিত সভায় হট্টগোল

ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাদের সঙ্গে কর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। মহানগর নেতাদের প্রতি ক্ষোভ থেকে এ হট্টগোলের সৃষ্টি হয়। পরে মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান। তখন তার বক্তব্যের জের ধরে উপস্থিত মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকরা চিত্কার করে বলতে থাকেন, দলকে শক্তিশালী করতে হলে ওয়ার্ড নেতাদের কথা শুনতে হবে। এ সময় সবাই হৈ হৈ করতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে মহানগরীর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হস্তক্ষেপ করে সবাইকে শান্ত করেন। ওয়ার্ড নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, দীর্ঘদিন থেকে মহানগরীর কাউন্সিল না হওয়া, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের কথা না শোনা এবং তৃণমূল নেতাদের যথাযথভাবে মূল্যায়ন না করার কারণে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। ক্ষুব্ধ তৃণমূল নেতাদের শান্ত করতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আগামী ২৬ জুন সকাল সাড়ে ১০টায় মহানগর কার্যালয়ে কাউন্সিল নিয়ে পর্যালোচনা সভার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, মোহাম্মদ জামাল প্রমুখ।