ইমা ফের রিমান্ডে

বহুল আলোচিত ‘দক্ষ প্রতারক’ রিজওয়ানা খালেদ ইমাকে আবারও রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী থানার একটি প্রতারণা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ জানায়, ২০১১ সালের ১১ মার্চ পুরনো ঢাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম ভুঁইয়ার কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেন ইমা। কথা ছিল ঐ ব্যবসায়ীকে ভিওআইপি ব্যবসার লাইসেন্স করে দেবেন। এ জন্য ঐ ব্যবসায়ীকে তিনি ঘুরিয়েছেন অনেক দিন। এক পর্যায়ে চাপের মুখে ইমা ব্যবসায়ীকে ৫ লাখ ৮০ হাজার টাকা ফিরিয়ে দেন। বাকি টাকা আত্মসাত্ করার অভিযোগে গত ১০ জুন ঐ ব্যবসায়ী ওয়ারী থানায় মামলাটি করেন। ইমার বিরুদ্ধে রাজধানীর বনানী, শেরেবাংলা নগর, ওয়ারী ও রমনা থানায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এছাড়া গোয়েন্দা দফতরে লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) ছানোয়ার হোসেন গত ১০ জুন ইমাকে হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেন। চল্লিশ বছর বয়সী ইমা জামালপুরের বাসিন্দা হলেও নিজেকে সিলেট ও চট্টগ্রামের বাসিন্দা হিসাবে পরিচয় দিয়ে থাকেন। অত্যন্ত স্মার্ট এই নারী কখনো বিয়ের পাত্রী বা একাধিক বাড়ি-গাড়ির মালিক সেজে, আবার ইভেন্ট ম্যানেজমেন্টে পারদর্শী ও ভিওআইপি লাইসেন্স পাইয়ে দেয়ার ক্ষমতা দেখিয়ে প্রতারণা করেছেন। মন্ত্রীর কাছের লোক অথবা আত্মীয়া পরিচয় দিয়ে প্রতারণা করারও অভিযোগ রয়েছে ইমার বিরুদ্ধে।