আরআইএসজে’র সমীক্ষা

অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বাড়ছে

অনলাইন সংবাদের প্রতি আগ্রহ বাড়ছে ভোক্তাদের। তারা এজন্য অর্থ ব্যয়ও করছে। তবে এখন পর্যন্ত এই হার অধিকাংশ নয়। ব্রিটেনে গত ১০ মাসে ইন্টারনেটে অনলাইন সংবাদের প্রতি আগ্রহের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জারনালিজম (আরআইএসজে) এর এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসির। সমীক্ষায় ব্রিটেন ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ডেনমার্কেও এই চিত্র পাওয়া গেছে। সমীক্ষায় দেখা গেছে, ২৫ থেকে ৩৪ বছরের বয়সীরা এ কাজে বেশি উত্সাহী। এক্ষেত্রে পুরুষরা নারীদের চেয়ে এগিয়ে আছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে যাদের ট্যাবলেট কিংবা স্মার্টফোন আছে তাদের মধ্যে অর্থের বিনিময়ে সংবাদ পাওয়ার হার বেশি। অন্যদিকে ব্রিটেনে অর্থের বিনিময়ে এই হার কম। কারণ সেখানে অনেক সংবাদ ফ্রি পাওয়া যায়। আরআইএসজেএর পরিচালক অধ্যাপক রবার্ট পিকাট বলেন, গড়ে শতকরা ১০ ভাগ লোক অর্থের বিনিময়ে সংবাদ সংগ্রহ করে। গত বছরে চেয়ে এই হার এক তৃতীয়াংশ বেশি। ফলে অনেকেই এখন মুদ্রণ মাধ্যম থেকে অনলাইন সংবাদের মাধ্যমে মানুষের কাছে আসতে চাচ্ছে।